পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে অগ্নিসংযোগ
সাব্বির আহমেদ , স্টাফ রিপোর্টার (পাবনা )
পাবনা সদর উপজেলার গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
দোগাছি বাজারে মঙ্গলবার রাত দেড়টার দিকে এ নাশকতার ঘটনা ঘটে বলে গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) আসাদুজ্জামান জানিয়েছেন।
স্থানীয়দের দাবি, হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ওই কার্যালয়ে হামলা চালায়।
তিনি বলেন, “একদল দুর্বৃত্ত ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা চালায়। তারা প্রথমে কার্যালয়ের প্রধান সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়; এরপর থাইগ্লাস ভাঙচুর করে। ভাঙচুর শেষে চলে যাওয়ার সময় কার্যালয়ের সামনের অংশে পেট্রোল ঢেলে পুরো অংশে আগুন ধরিয়ে দেয়।
এ সময় ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকারে বাড়ির মালিক, ব্যাংকের অন্যান্য কর্মী ও আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনায় ব্যাংকের প্রয়োজনীয় নথিপত্র ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা গেছে জানিয়ে এজিএম আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তারা।
এদিকে খবর পেয়ে রাতেই পাবনা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। বুধবার সকালে পুলিশের আরেকটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত ও তথ্য সংগ্রহ করে।
পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলছেন, গ্রামীণ ব্যাংক কার্যালয়ে অগ্নিসংযোগের খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।




