পাবনার চাটমোহরে নারী সমাবেশে ডেঙ্গু প্রতিরোধ ও সামাজিক সচেতনতার আহ্বান
সাব্বির আহমেদ ,স্টাফ রিপোর্টার ( পাবনা )
পাবনার চাটমোহরে ডেঙ্গু প্রতিরোধ, বাল্যবিবাহ ও মাদক নির্মূল, গুজব-অপতথ্য প্রতিরোধ এবং নারী ও শিশুর শিক্ষা-স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
পাবনা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ সামিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর. কে. এম. আব্দুর রব মিঞা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও খালিদ হাসান সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতি ও প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি গুজব ও অপতথ্য রোধে পরিবার ও সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আগামী প্রজন্মকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে মায়েদের বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবারকে সচেতন হতে হবে। সন্তানদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। একটি উন্নত ও আলোকিত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
বিশেষ অতিথিরা সন্তানদের সুশিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিটি পরিবারে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি সেবাসমূহের যথাযথ ব্যবহার করে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে সিনিয়র তথ্য অফিসার মোঃ সামিউল আলম সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা ও আদর্শের চর্চা বাড়াতে হবে। এ সময় তিনি প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ সফল করতে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বাল্যবিবাহ, যৌতুক, দুর্নীতি, মাদক ও কিশোর অপরাধের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বন এবং শিশু-কিশোরদের মোবাইল ফোনের অনিয়ন্ত্রিত ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় আড়াই শতাধিক নারী অংশগ্রহণ করেন।




