সারাদেশ

মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
পিরোজপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে শহরের পাকাপোল এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ তিন শতাধিক মানুষ অংশ নেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভা পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তফা নুরুল আলম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী বলেন, ১৯৭১ সালে পরাজিত অপশক্তি নতুন রূপে স্বাধীন বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে পিরোজপুরে একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার মতো নিন্দনীয় ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, একজন মুসলমানের জানাজা ও দাফনে অন্য মুসলমানের বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। তার অভিযোগ, ওই অপশক্তি এর আগেও দেশের বিভিন্ন স্থানে শতাধিক মাজার ও ঐতিহ্যবাহী স্থাপনা ভাঙচুর করেছে। স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সবাইকে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অন্যান্য বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। অথচ একজন মুক্তিযোদ্ধার শেষবিদায় ও ধর্মীয় রীতি পালনে বাধা দেওয়ার ঘটনা জাতির জন্য লজ্জাজনক। ধর্ম, বর্ণ ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রত্যেক মানুষের জানাজা বা শেষকৃত্য নির্বিঘ্নে সম্পন্ন হতে দেওয়া সবার নৈতিক দায়িত্ব। একজন মুক্তিযোদ্ধার মরদেহের প্রতি এমন অবমাননা মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের ওপর আঘাতের শামিল বলেও মন্তব্য করেন তারা।
সমাবেশ থেকে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি অভিযুক্তদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম, জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, আব্দুর রউফ, আব্দুল হামিদ, আব্দুস সোবহান, শফিক আহমেদ ও রফিকুল ইসলাম। এ ছাড়া গণফোরাম নেতা আলিনুর খান বাবুল, জাসদ নেতা হেলালুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা অধ্যক্ষ আশেক ই এলাহি, সিপিপি নেতা আবুল হোসেন এবং ওয়ার্কার্স পার্টির নেতা স্বপন কুমার শীলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,