জাতীয় সারাদেশ

শ্রেণিকক্ষে প্রশাসনের পদচারণায় বদলে যাচ্ছে তারাগঞ্জের শিক্ষার চিত্র

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের ধারাবাহিক ও কার্যকর তদারকিতে স্থানীয় শিক্ষা ব্যবস্থায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে। শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসন একাধিক বাস্তবধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। এসব কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক এবং শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন।
প্রতিষ্ঠান পরিদর্শনের সময় ইউএনও কেবল আনুষ্ঠানিক তদারকিতে সীমাবদ্ধ থাকছেন না; বরং সরাসরি শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে তাদের পাঠ্যবিষয়ক জ্ঞান, শিক্ষার মান, উপস্থিতি এবং বিদ্যালয়ের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের বিষয়ে উদ্বুদ্ধ করছেন।
একই সঙ্গে তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষার মানের ওপর। তাই শুধু পাঠ্যসূচি শেষ করাই নয়, বরং শিক্ষার্থীদের দক্ষ, সৃজনশীল, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। শ্রেণিকক্ষকে আনন্দমুখর ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে এবং প্রতিটি শিক্ষার্থীর প্রতি সমান গুরুত্ব দেওয়ারও নির্দেশনা দেন তিনি।
শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন বলেন,
“প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার প্রকৃত গুণগত মান নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার। আমরা চাই শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফলাফল বা জিপিএ-৫ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে নৈতিক মূল্যবোধসম্পন্ন, মানবিক ও সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠুক। শ্রেণিকক্ষে আনন্দদায়ক শিক্ষার পরিবেশ সৃষ্টি, শিক্ষকদের দায়িত্বশীলতা বৃদ্ধি এবং নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব।”
তিনি আরও বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পরিদর্শনের উদ্দেশ্য কাউকে শাস্তি দেওয়া নয়; বরং সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানের মাধ্যমে শিক্ষার পরিবেশ আরও উন্নত করা। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, ইউএনও’র প্রত্যক্ষ দিকনির্দেশনা ও নিয়মিত তদারকির ফলে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের দায়িত্ববোধ বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। একই সঙ্গে শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টর, ডিজিটাল কনটেন্ট এবং আধুনিক শিক্ষা উপকরণের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত মনিটরিংয়ের ফলে শিক্ষার গুণগত মান উন্নয়নে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাগমা শিলভীয়া খান বলেন, প্রশাসনের এমন কার্যকর ও ধারাবাহিক তদারকির ফলে প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী হবে বলে আমরা আশাবাদী। বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বৃদ্ধি, পাঠদানে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শিক্ষকদের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এদিকে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, ইউএনও’র সরাসরি বিদ্যালয় পরিদর্শন শিক্ষকদের দায়িত্বশীলতা যেমন বাড়িয়েছে, তেমনি শিক্ষার্থীদের মধ্যেও পড়াশোনার প্রতি আগ্রহ ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এতে শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরি হচ্ছে।
স্থানীয় সচেতন মহলের অভিমত, উপজেলা প্রশাসনের এমন সময়োপযোগী ও জনমুখী উদ্যোগ অব্যাহত থাকলে তারাগঞ্জ উপজেলার শিক্ষা ব্যবস্থায় দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে গড়ে উঠবে জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি নতুন প্রজন্ম, যা ভবিষ্যতে এলাকার সামগ্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,