১৯ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বড়তারায় নতুন কুঁড়ি স্পোর্টস-২ এর বাছাইপর্ব, জাতীয় দলে খেলার স্বপ্ন শিক্ষার্থীদের
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা, নতুন প্রতিভা খুঁজে বের করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর দল গঠনের বাছাইপর্ব ও ক্রীড়া প্রতিযোগিতা।
২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বড়তারা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টনসহ কয়েকটি ইভেন্টে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। প্রতিযোগিতা শেষে ভালো পারফরম্যান্স করা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়তারা ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।
আয়োজনের সার্বিক সহযোগিতা ও ব্যয়ভার বহন করেন প্যানেল চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ইউনিয়নের ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে একটি করে ট্রফি ও একটি করে খেলার বল তুলে দেওয়া। পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ভালো খেলোয়াড়ি নৈপুণ্য প্রদর্শনকারীদের পুরস্কৃত করা হয়।
এ সময় একাধিক খেলোয়াড় নিজেদের খেলাধুলার প্রতি আগ্রহ ও ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরে জাতীয় দলে খেলার প্রত্যাশা ব্যক্ত করে। তাদের এমন স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলার কোনো বিকল্প নেই। শিশু-কিশোরদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলায় সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও সৌহার্দ্যবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি সাংবাদিকদের জানান, খেলাধুলার মাধ্যমে বাছাই করা প্রতিভাবান খেলোয়াড়দের উপজেলা পর্যায় থেকে জেলা এবং পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হবে। যেসব খেলোয়াড়ের মধ্যে বিশেষ প্রতিভা রয়েছে, তাঁদের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়েও সরকার পদক্ষেপ নেবে বলে তিনি জানান।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ আসরের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে। ইউনিয়ন পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা রয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দ্বিতীয় আসরে প্রায় ১৬ লাখ ২৩ হাজার শিশু-কিশোর নিবন্ধন করেছে। নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমে সরকারি সহায়তার পরিকল্পনাও রয়েছে।
স্থানীয় পর্যায়ে এমন ক্রীড়া আয়োজন নতুন প্রজন্মের প্রতিভা বিকাশ, জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির স্বপ্ন বাস্তবায়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
জাহিদুল ইসলাম (জাহিদ)
স্টাফ রিপোর্টার।
মোবাঃ০১৭৮৫৩৫২৫৫৮





