আদালতের নির্দেশ বাস্তবায়ন ও নিরাপত্তা চেয়ে থানায় সাংবাদিক শুভ্রের আবেদন
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি :কুমিল্লা:- কুমিল্লায় একাধিক বিচারাধীন মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার, আদালতের নির্দেশ বাস্তবায়ন, তদন্ত প্রতিবেদন দাখিল এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত আবেদন করেছেন জাতীয় ও অনলাইন পত্রিকার সাংবাদিক, মানবাধিকার কর্মী ও শিক্ষানবীশ আইনজীবী মওদুদ আব্দুল্লাহ।
রবিবার (১৯ জুলাই) থানায় দাখিল করা ওই আবেদনে তিনি উল্লেখ করেন, সরকার বা রাষ্ট্র পরিচালিত জিআর-৮৫০/২৪ মামলাসহ সংশ্লিষ্ট একাধিক মামলার বিষয়ে বিজ্ঞ ১ নম্বর আমলি আদালত বিভিন্ন সময়ে আদেশ প্রদান করেছেন। আদালতের ডিআর-১৯৮৪/২৫ (২১ ডিসেম্বর ২০২৫), ডিআর-৮৩৬/২৫ (১৩ মে ২০২৫), ডিআর-৭০৪/২৬ (৪ মে ২০২৬) এবং সিআর-৬১৫/২৬ মামলার আলোকে পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ রয়েছে বলে তিনি আবেদনে উল্লেখ করেন। একই সঙ্গে সাইবার সংশ্লিষ্ট জখম, চাঁদাবাজি, অপহরণ, মানহানি ও অন্যান্য অভিযোগের বিষয়েও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আবেদনে মওদুদ আব্দুল্লাহ দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা, মানবাধিকার কার্যক্রম, সামাজিক বিরোধ নিষ্পত্তি এবং আইনগত সহায়তামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। বিভিন্ন সামাজিক সালিশ ও বিরোধ নিষ্পত্তিতে আইন ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়ার কারণে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে ষড়যন্ত্র, অপপ্রচার, মিথ্যা অভিযোগ, সাইবার বুলিং এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ক্ষতিসাধনের চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও উল্লেখ করেন, অতীতে তাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং হামলার শিকার হয়ে আহতও হতে হয়েছে। এসব ঘটনায় তিনি কোতয়ালী মডেল থানায় একাধিক সাধারণ ডায়েরি, নন-এফআইআর মামলা, জিআর মামলা, দ্রুত বিচার আইনের মামলা এবং সাইবার সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব-১১, ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনিক দপ্তরে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে আইনগত সহায়তা ও নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
আবেদনে বলা হয়, অপরিচিত নম্বর থেকে নিয়মিত চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি ও মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার নথি, চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে পাঠানো হুমকির স্ক্রিনশট এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত আইনগত গণবিজ্ঞপ্তির কপিও আদালতে উপস্থাপন করা হয়েছে।
মওদুদ আব্দুল্লাহ তার আবেদনে দাবি করেন, বিচারাধীন রাষ্ট্র পরিচালিত মামলার কার্যক্রম প্রভাবিত করার জন্য একটি চক্র সক্রিয় রয়েছে এবং তারা বিভিন্নভাবে মামলার অগ্রগতি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এ অবস্থায় আদালত সংশ্লিষ্ট আসামিদের দ্রুত গ্রেপ্তার করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিলেও তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে তিনি উল্লেখ করেন।
এ পরিস্থিতিতে তিনি কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের কাছে পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার, আদালতের নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন, তদন্ত প্রতিবেদন দ্রুত আদালতে প্রেরণ, অভিযোগটি রেকর্ডভুক্ত করা এবং নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।





