কচুয়ায় র ্যাবের অভিযানে ৬৬ কেজি গাঁজাসহ আটক ১
উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) এক সফল অভিযানে ৬৬ কেজি গাঁজাসহ মানজারুল (৪২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রোববার (২২ মার্চ) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার সাইনবোর্ড চত্বর সংলগ্ন ওসমান আলী ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত মানজারুল পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের চালিতাখালী গ্রামের হাসেম শিকদারের ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর টুআইসি মেজর নাজমুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানকে (ছোট ট্রাক) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনের দায়ে চালক মানজারুলকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত ব্যক্তি উক্ত বিপুল পরিমাণ গাঁজার চালানটি ফেনী সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে পিকআপ যোগে নিয়ে আসছিলেন। ধারণা করা হচ্ছে, এই মাদক বাগেরহাট ও পিরোজপুরের বিভিন্ন এলাকায় সরবরাহ করার পরিকল্পনা ছিল তার।
অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত পিকআপসহ আটক মানজারুলকে কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





