“খেলতে গিয়ে নিখোঁজ সানজিদা, একদিন পর পাটক্ষেতে উদ্ধার লাশ”
জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর সানজিদা (৯) নামে এক মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামে বাড়ির অদূরে ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত সানজিদা উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশেই অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল সানজিদা। একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যা ঘনিয়ে এলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী সম্ভাব্য বিভিন্ন স্থানে রাতভর খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান মেলেনি।
শনিবার সকালে বাড়ির কাছেই ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। একটি নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, “শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
পুলিশ জানায়, মৃত্যুর কারণ এবং ঘটনার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।





