গজারিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সবুজ মৈশানের সমর্থনে গনজোয়ার
পলাশ উপজেলা (নরসিংদী) প্রতিনিধি:
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক ও জনবান্ধব গজারিয়া ইউনিয়ন গড়ে তোলার প্রত্যাশায় আসন্ন গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আহাম্মদ হোসেন (সবুজ মৈশান), এম.কম এর পক্ষে
১৮নং নোয়াকান্দা উত্তর-পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার শত শত সাধারণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সবুজ মৈশান একজন সৎ, জনবান্ধব ও মানবিক মানুষ। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষসহ সর্বস্তরের নাগরিকের কল্যাণে কাজ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে সবুজ মৈশানের চেয়ারম্যান প্রার্থিতার প্রতি ঐক্যবদ্ধ সমর্থনও ব্যক্ত করা হয়।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় একজন যোগ্য ও সৎ নেতৃত্ব প্রয়োজন। সেই বিবেচনায় সবুজ মৈশানকে তারা উপযুক্ত প্রার্থী হিসেবে দেখতে চান। অনুষ্ঠানে চেয়ারম্যান পদপ্রার্থী আহাম্মদ হোসেন (সবুজ মৈশান) বলেন, “গজারিয়াবাসীর প্রাণের দাবি ও প্রত্যাশা পূরণে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে গজারিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে কাজ করব।”
তিনি বলেন, “এ ইউনিয়নে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকদ্রব্যের বিস্তার থাকবে না। অসহায়, দরিদ্র ও খেটে খাওয়া মানুষের পাশে আমি সবসময় থাকব। উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
সবুজ মৈশান আরও বলেন, “আপনারা আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন। আপনাদের সমর্থন ও সহযোগিতা পেলে শুধু আমি চেয়ারম্যান নির্বাচিত হব না, বরং গরিব-দুঃখী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার সুযোগ তৈরি হবে।”
পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গজারিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।





