চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে পাবনায় মানববন্ধন
সাব্বির আহমেদ ,স্টাফ রিপোর্টার (পাবনা)
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদ এবং চিকিৎসক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মে) দুপুরে পাবনা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএ) এবং পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন চিকিৎসক রোগীর জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু বর্তমানে চিকিৎসকরা কর্মস্থলে সবচেয়ে বেশি অনিরাপত্তার মধ্যে রয়েছেন। শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. নাসিরের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সারা দেশে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
ড্যাব পাবনা জেলা শাখার সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন গাইনি বিশেষজ্ঞ ডা. শামীম খাতুন পলি, আইডিএ পাবনা জেলা শাখার সভাপতি ডা. তামিম ইসলাম, সাধারণ সম্পাদক ডা. তানিয়া তাজনিম, পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. সাগর মাহমুদ এবং সাধারণ সম্পাদক হাবিবুল শুভ।
এসময় আরও উপস্থিত ছিলেন ডা. সিরাজুল আলম রাকিব, ডা. শামসুল আলম মালিথা, ডা. হাসানুজ্জামান টুটুল, ডা. ফাহমিদুল হাসান নুরসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স ও মেডিকেল শিক্ষার্থীরা।





