চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
তানভীর আহমদ জাকির, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সাধারণ মানুষের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে সুনামগঞ্জের ছাতকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ডেলটা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার। প্রতিষ্ঠানটির চেম্বার কার্যক্রমের শুভ সূচনা উপলক্ষে দোয়া মাহফিল ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জস্থ সুহেল মার্কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ সাঈদ আহমদ। ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী হাফিজ হাসান বিন নূর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমির মাওলানা জালাল উদ্দিন, ছাতক-দোয়ারাবাজার আসনে জামায়াতে ইসলামী মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানি, জেলা বিএনপির সদস্য ও ছাতক উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফারুক আহমদ, অধ্যক্ষ মহি উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আকবর আলী, সামছু উদ্দিন, ছাদিকুর রহমান ছাদিক, আবুল লেইছ কাহার, আশরাফুর রহমান চৌধুরী,
অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, ইউপি চেয়ারম্যান সুফি আলম সুহেল, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসেন, আশরাফুর রহমান এনাম, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম কে এ তুহিন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ম্যানেজার, সাবেক ইউপি সদস্য দিল হোসেন এবং ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক ডা. তামিম আহমেদ। পরিচালক পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বখতিয়ার হোসেন, জিল্লুর রহমান মানিক ও রুবেল আহমদ। এছাড়া প্রতিষ্ঠানের পরিচালক মোক্তার হোসেন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক চাহিদার অন্যতম। স্থানীয় পর্যায়ে উন্নত পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ তৈরি হলে সাধারণ মানুষের ভোগান্তি ও সময় সাশ্রয় হবে। ডেলটা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার সততা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে এলাকার মানুষের আস্থা অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষপর্বে প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি, সাফল্য এবং সাধারণ মানুষের জন্য নির্ভরযোগ্য, সুলভ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যাশায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।





