ছাতকে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী, সনদ পেলেন ৫০ প্রশিক্ষণার্থী
ছাতক
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে সুনামগঞ্জের ছাতকে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) ছাতকের আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে আয়োজিত এ প্রশিক্ষণ কার্যক্রমে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। গত ৫ নভেম্বর থেকে শুরু হওয়া ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সফল প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
ছাতক পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভিডিপি লিডার এমরান হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাছিমা বেগম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ভিডিপি সদস্য সাইফুর রহমান সাকিব এবং পবিত্র গীতা পাঠ করেন ভিডিপি সদস্য বর্ণা চন্দ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট মিঠুন ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক কুতুবউদ্দিন ও অর্থনীতি বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম।
বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরিতে আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তৃণমূল পর্যায়ে জননিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে এ বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদানের কথা উল্লেখ করে বক্তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রশিক্ষণের বিভিন্ন ক্যাটাগরিতে পারদর্শিতা ও সাফল্যের ভিত্তিতে তিনজন প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয়। তারা হলেন—ভিডিপি সদস্য সাব্বির আহমেদ চৌধুরী, ভিডিপি সদস্যা তাসলীমা আক্তার কল্পনা এবং ভিডিপি সদস্য সুলেমা হুসাইন সোহান।
এ সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা আনসার গার্ডের প্লাটুন কমান্ডার আনোয়ার মিয়া, ১ নম্বর ইসলামপুর ইউনিয়ন আনসার কমান্ডার মোহাম্মদ আবু বকর, কলেজের অন্যান্য শিক্ষক-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণার্থীরা এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের সার্বিক উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা রক্ষায় কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।





