জয়পুরহাটের ক্ষেতলালে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার-১
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
জয়পুরহাটের ক্ষেতলালে অভিযান চালিয়ে মো. আবু হাসান ফকির (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২৮ হাজার ৮০০ টাকা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
অভিযুক্ত হাসান ফকির কালাই উপজেলার পুনট ইউনিয়নের পাঁচ গ্রামের মৃত হাফেজ ফকিরের ছেলে৷
বুধবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার করিমপুর ত্রিমোহনী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হাসান ফকির কালাই ও ক্ষেতলাল উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন। তিনি মাদক সরবরাহ করছেন- এমন গোপন তথ্যের ভিত্তিতে ক্ষেতলাল থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তাঁর কাছ থেকে মাদক ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে গ্রেপ্তার হাসান ফকিরকে যথাযথ পুলিশি পাহারায় জয়পুরহাটের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম বলেন, হাসান ফকির কালাই ও ক্ষেতলাল এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ ২৮ হাজার ৮০০ টাকাসহ জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। নিয়মিত মামলায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জাহিদুল ইসলাম (জাহিদ)
স্টাফ রিপোর্টার।
মোবাঃ০১৭৮৫৩৫২৫৫৮





