দুঃস্থদের মুখে হাসি ফুটাতে তারাগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ
জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
গরিব ও অসহায় মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রংপুরের তারাগঞ্জ উপজেলায় আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী তারাগঞ্জ কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুদান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রংপুর-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ১৭৫ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রত্যেককে নগদ ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর এস এম আলমগীর হোসেন, সেক্রেটারি মো. ইয়াকুব আলী, এমপির উপজেলা প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম, মো. কাজী ছামছুল হুদাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুদান বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, “অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এই সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও অসহায়দের পাশে দাঁড়াতে এগিয়ে আসা উচিত, যাতে একটি সহানুভূতিশীল ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হয়।
অনুদান পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। স্থানীয়রা জানান, দরিদ্র মানুষের জন্য এ ধরনের সহায়তা তাদের জীবনে স্বস্তি এনে দেয় এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে আরও শক্তিশালী করে।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে উপকারভোগীদের মাঝে অনুদান বিতরণের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘটে।




