পাইকগাছায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত
এম জালাল উদ্দীন:
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ-জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার(১২ মে) সকালে দিবসটি উপলক্ষে নার্সদের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি হাসপাতাল প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. সুজন কুমার সরকার, অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম এবং আরএমও ডা. সঞ্জয় কুমার মণ্ডল।
আলোচনা সভায় বক্তারা স্বাস্থ্যসেবায় নার্সদের অপরিসীম অবদানের কথা তুলে ধরে রোগীদের সেবায় আরও আন্তরিক, দায়িত্বশীল ও মানবিক হওয়ার আহ্বান জানান। তারা বলেন, দক্ষ ও সহানুভূতিশীল নার্সরাই স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং একটি সুস্থ সমাজ গঠনে তাদের অবদান অনস্বীকার্য।
অনুষ্ঠানে প্রায় ৩০ থেকে ৩৫ জন নার্সসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী বেবী সরদার, ক্যাশিয়ার দেব্রত সরকার,অফিস সহকারী সরোয়ার হোসেন, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম এবং সিনিয়র স্টাফ নার্স রেহেনা পারভীন, মৌসুমী ফৌজদার, আরতি সরদার, জয়ন্তী রায়, প্রজ্ঞা মৈত্র, মনিরা খাতুনসহ কর্মরত নার্সবৃন্দ।
আলোচনা সভা শেষে কেক কাটা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে অনুষ্ঠানের শান্তিপূর্ণ সমাপ্তি ঘটে।





