লাইফস্টাইল

পাথরঘাটায় এজলাসে দুই আইনজীবীর হাতাহাতি, সদস্যপদ স্থগিত

 

ইব্রাহীম খলীল, পাথরঘাটা।
বরগুনার পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে দুই আইনজীবীর মধ্যে হাতাহাতির ঘটনায় তাদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে বরগুনা জেলা আইনজীবী সমিতি। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার সব বিচারিক আদালতে তাদের পেশাগত দায়িত্ব পালন থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

রোববার ( ১৭ মে ) সকাল ১১টার দিকে আদালতের এজলাসে এ ঘটনা ঘটে। এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পনির শেখ তার খাস কামরায় অবস্থান করছিলেন।
অভিযুক্ত দুই আইনজীবী হলেন অ্যাডভোকেট মিজানুর রহমান মঞ্জু ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা লাকি। নাহিদ সুলতানা লাকি বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এবং পাথরঘাটা বারের অ্যাডহক কমিটির ইনচার্জ। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে আদালতের কার্যক্রম শুরুর আগে আইনজীবীরা নিজ নিজ চেম্বার থেকে আদালতের উদ্দেশ্যে রওনা হন। এ সময় অ্যাডভোকেট লাকি’র মহুরি (আইনজীবী সহকারী) মিরাজ আহমেদ অ্যাডভোকেট মঞ্জুর গাড়িতে করে উকিল বারে আসেন।
পরে বিষয়টি নিয়ে অ্যাডভোকেট লাকি ক্ষোভ প্রকাশ করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। উপস্থিত সিনিয়র আইনজীবীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে বিরোধ মেটানো সম্ভব হয়নি।
এরপর সবাই এজলাস কক্ষে গেলে সেখানে ফের উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে মঞ্জু ও লাকির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আদালতের কর্মকর্তা-কর্মচারী ও উপস্থিত আইনজীবীরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অ্যাডভোকেট নাহিদ সুলতানা লাকি অভিযোগ করে বলেন, অ্যাডভোকেট মঞ্জু দীর্ঘদিন ধরে তার মহুরি মিরাজকে নিজের সঙ্গে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আসছিলেন। এ বিষয়ে একাধিকবার নিষেধ করা হলেও তিনি তা আমলে নেননি। রোববার সকালে মঞ্জু ব্যক্তিগত গাড়িতে করে মিরাজকে আদালতে নিয়ে আসেন। বিষয়টি জানতে চাইলে মঞ্জু ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন অ্যাডভোকেট লাকি।

অন্যদিকে অ্যাডভোকেট মিজানুর রহমান মঞ্জু বলেন, ঘটনাটি তেমন গুরুতর নয়। সহকর্মীর এক সহকারী তার গাড়িতে করে আদালতে এসেছেন, যা সহমর্মিতার জায়গা থেকেই করা হয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে অ্যাডভোকেট লাকি লোকসম্মুখে তার দিকে জুতা নিক্ষেপ করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, বরগুনা আইনজীবী সমিতির ঊর্ধ্বতন নেতারা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন।

ঘটনার পরপরই বরগুনা জেলা আইনজীবী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে উপস্থিত সদস্যরা মত দেন যে, এ ধরনের আচরণ আইনজীবী সমিতির গঠনতন্ত্র ও পেশাগত আচরণবিধির পরিপন্থী। একই সঙ্গে এ ঘটনায় আইনজীবী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও উল্লেখ করা হয়।
পরে উভয় আইনজীবীর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার সব বিচারিক আদালতে পেশাগত দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব মনোয়ারা আক্তার।

ইব্রাহীম খলীল
পাথরঘাটা, বরগুনা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি লাইফস্টাইল সারাদেশ

বিএনপি নেতা আবুল কালাম এর মুক্তিতে উচ্ছ্বসিত এলাকাবাসী

  ইব্রাহীম খলীল, পাথরঘাটা। বরগুনার পাথরঘাটায় বিএনপি নেতা আবুল কালাম আজাদ (গদি কালাম) দীর্ঘ ১১ দিন জেল হাজতে থাকার পরে
লাইফস্টাইল সারাদেশ

পাথরঘাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ইব্রাহীম খলীল, পাথরঘাটা। বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খানের বদলির আদেশ প্রত্যাহার ও কর্মস্থলে পুনর্বহালের দাবিতে মানববন্ধন