ফরিদগঞ্জে উৎসবমূখর পরিবেশে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন
মোঃ সোহেল রানা :
দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় ক্রীড়া সংগঠনের আয়োজনে এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের উপস্থিতিতে মাদকবিরোধী স্লোগান সামনে রেখে এই টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী ম্যাচে বিভিন্ন স্থানীয় দল অংশগ্রহণ করছে ।
তারই ধারাবাহিকতায় চাঁদপুরের ফরিদগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। গৃদকালিন্দিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে গৃদকালিন্দিয়া মরহুম আইয়ুব আলী খাঁন শিক্ষা কমপ্লেক্স মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক বিল্লাল হোসেন খাঁন, সিনিয়র যুগ্ন আহবায়ক মশিউর রহমান রিপন ও গৃদকালিন্দিয়া স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা এমরান হোসেন সোহেল খাঁনের পরিচালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের ১২টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় অংশ নেয় একুশে ক্লাব চাঁদপুর ও খাঁন স্পোর্টিং ক্লাব। উভয় দলে মোট ১১ জন করে খেলোয়াড় অংশ নেন।
উদ্ভোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, এ এলাকার মানুষ ফুটবলপ্রেমী তারই উদাহরণ আজকের এই আয়োজন। আজকের তরুণ যুবকরা মাঠ সংকটের কারণে খেলাধুলা করতে পারছে না। যার জন্যপ মোবাইল আসক্ত হয়ে পড়ছে। অনেকে মাদকসহ বিপৎগামী হচ্ছে। আমরা আশাবাদী এ টুর্নামেন্টের মাধ্যমে এ অঞ্চলে খেলাধুলার বিকাশ ঘটবে। খেলায় জয়-পরাজয় থাকবে প্রতিযোগীতা থাকবে এটাই স্বাভাবিক। খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশ গঠনে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। সুস্থ সমাজ ও জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বিভিন্ন প্রান্ত হতে খেলা দেখতে মাঠের চতুর্দিকে ভিড় জমান।




