সংবাদ প্রকাশের জেরে কর্ণফুলীতে সাংবাদিক হামলার শিকার, মানববন্ধনে নিন্দা ও গ্রেপ্তার দাবি
কর্ণফুলী প্রতিনিধি :
কর্ণফুলীতে সংবাদ প্রকাশের জের ধরে স্থানীয় সাংবাদিক মো. সরওয়ার হোসেন রানা হামলার শিকার হয়েছেন।
ঘটনা ঘটেছে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা (২ নম্বর ওয়ার্ড) কলাতলী, আপন সাহেবের মাঠের পাশে।
সরওয়ার হোসেন রানা স্থানীয় দৈনিক ইনফো বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার ও কর্ণফুলী প্রেসক্লাবের নির্বাহী সদস্য।
হামলার শিকার সাংবাদিক জানান, পেশাগত দায়িত্ব শেষে বাড়ি ফেরার সময় মো. শাহাজাহান ওরফে ওয়ালন্টন শাহাজাহান (৫২), তার ছেলে মো. মুন্না (২০), ভাতিজা রেজভীসহ আরও ২-৩ জন আগে থেকে ওঁৎ পেতে থাকা ব্যক্তিরা তার ওপর হামলা চালায়।
হামলাকারীরা মোটরসাইকেলের হেলমেট দিয়ে মাথায় আঘাত এবং কিল-ঘুষি ও পিটিয়ে তাকে আহত করে। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
সরওয়ার হোসেন রানা আরও জানান, প্রবাসীর স্ত্রীর উপর নির্যাতনের অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে হামলাকারীরা ক্ষিপ্ত ছিলেন। সংবাদ প্রকাশের পর থেকেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল।
হামলার জড়িতদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় সরওয়ার হোসেন রানা বাদী হয়ে কর্ণফুলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এদিকে খবর পেয়ে সন্ধ্যায় মইজ্জ্যারটেক এলাকায় কর্ণফুলীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা তাত্ক্ষণিক মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও আইনি ব্যবস্থার দাবি করেন।
সাংবাদিক নেতারা মানববন্ধনে বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের দর্পন। পেশাগত কাজে হামলা, মামলা বা হয়রানি বন্ধ না হলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না। অনিয়ম ও দুর্নীতি প্রকাশ করলে হামলা, গুম বা খুনের মাধ্যমে গণমাধ্যমকে দমিয়ে রাখা যায় না।”
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।





