সাংবাদিককে হুমকি;মাদক ব্যবসায়ী ও যুবদল নেতাকে গ্রেফতাররে দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

মোঃ মনিরুজ্জামান অনিকঃবালিয়াডাঙ্গী,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
সময়ের কন্ঠস্বর ও দৈনিক আজকের পত্রিকায় কর্মরত ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার সাংবাদিক আল মামুন জীবনকে প্রাণনাশের হুম’কি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে ভানোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানাকে গ্রেফতারের দাবি’তে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন স্থানীয় সাংবাদিক ও সুধীসমাজ।
আজ ২৫ শে মে (সোমবার) দুপুরে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
বিক্ষোভ ও মানববন্ধ’ন কর্মসূচীতে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক এস এম মশিউর রহমান, সাবেক সভাপতি জুলফিকার আলী শাহ, প্রবীণ সাংবাদিক এন এম নুরুল ইসলাম, সাংবাদিক রাজিউর রহমান জেহাদ রাজু, বাংলানিউজ২৪-এর প্রতিনিধি রাসেল রানা মেহেদী এবং রূপালী বাংলাদেশের প্রতিনিধি ইলিয়াস আলী হৃদয়। এছাড়া আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক নুরনবী, সাংবাদিক হাসান আলী, জিয়াউর রহমান সহ অন্যান্যরা।
বক্তারা জানান, ভানোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানা গত ১১ মে পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ আটক হন। পরদিন ১২ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।
এই খবরটি সাংবাদিক আল মামুন জীবন তার পত্রিকা ও ব্যক্তিগত ফেসবুক পেজে প্রকাশ করেন। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে গত ১৯ মে দুপুরে মুঠোফোনে সাংবাদিক আল মামুন জীবনকে হত্যার হুমকি দেন এবং তার বাবা-মাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালি গালাজ করেন জুয়েল রানা। এই ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
মানববন্ধনে প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি”। পুলিশকে লিখিত অভিযোগ দেওয়ার পরেও তারা নীরব ভূমিকা পালন করছে। আমরা অবিলম্বে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা এন এম নুরুল ইসলাম আলটিমেটাম দিয়ে বলেন, “আগামী ৭২ ঘন্টার মধ্যে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে হবে”।
স্বাধীন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। মাদক ব্যবসায়ীরা যদি প্রকাশ্যে সাংবাদিকদের হুমকি দেওয়ার সাহস পায় এবং প্রশাসন যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তবে সাধারণ মানুষ মাদকের বিরুদ্ধে কথা বলার সাহস হারিয়ে ফেলবে।”আমরা মাদকমুক্ত সমাজ চাই।এবং মাদকমুক্ত সমাজ গড়তে সকলের সহযোগিতা চাই।
উক্ত মানববন্ধনে জেলা ও উপজেলার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।




