সাতক্ষীরায় নানা কর্মসুচীর মধ্যদিয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরায় আলোচনা সভা, কেক কাটা, র্যালি ও আনন্দ শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের মাওয়া চাইনিজের সামনে জেলা যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব।প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং মন্দিরের পুরোহিতদের ভাতা প্রদানসহ আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। যুবদলের হাজারো নেতাকর্মী এসব কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখবেন বলে তিনি আহবান জানান।তিনি আরও বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সাতক্ষীরার ৭৮টি ইউনিয়নে দলের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে যুবদলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সাতক্ষীরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর শফিকুল আলম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী এবং জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সিনিয়র যুগ্ম সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজসহ সাতটি উপজেলা থেকে আগত যুবদলের বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী।আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ের যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।
পরে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে কবুতর ও গ্যাস বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির শুভ উদ্বোধন করেন।এরপর প্রধান অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪৮ পাউন্ডের কেক কাটেন। পরে একটি আনন্দ শোভাযাত্রা ও র্যালি বের করা হয়। র্যালিটি সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জজ কোর্ট এর সামনে এসে শেষ হয়।





