সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল্লাহ (৮) এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাজী ও এলাকাবাসী জানান, ইকবাল তার নানার বাড়ি সোনাতলা গ্রামে বেড়াতে এসেছিল। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশের আবুবক্কর শেখের পুকুরের কাছে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত দুজনই পুকুরের পানিতে পড়ে যায়।
বিষয়টি প্রথমে স্থানীয় নাহার বেগমের নজরে আসে। তিনি শিশু দুটিকে পানিতে দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে পুকুরে নেমে তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে দুই শিশুরই মৃত্যু হয়।
খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
দুই শিশুর আকস্মিক মৃত্যুতে সোনাতলা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।





