সাতক্ষীরায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে প্রশাসনের অভিযান
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরায় স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণ এবং বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমূহের আইনানুগ কার্যক্রম তদারকির লক্ষ্যে আজ (১৯ জুলাই ২০২৬) সাতক্ষীরা সদর উপজেলার খুলনা রোড মোড় এলাকায় জেলা প্রশাসনের নেতৃত্বে একটি সমন্বিত টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।
অভিযানে আনসার, পুলিশ, পরিবেশ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং সিভিল সার্জনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানের নিবন্ধন, ড্রাগ লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টসহ প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন যাচাই করা হয়। প্রয়োজনীয় নিবন্ধন, ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার প্ল্যান্ট, পরিবেশ ছাড়পত্র ও ড্রাগ লাইসেন্স না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪৫,০০০ (পঁয়তাল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও আরও কয়েকটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে স্বাস্থ্যসেবা সংক্রান্ত প্রচলিত আইন ও বিধিমালা যথাযথভাবে প্রতিপালন, প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ এবং নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সতর্কতা প্রদান করা হয়।
জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও আইন প্রয়োগমূলক অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।





