৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি : আইনমন্ত্রী
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, চব্বিশের ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি।
জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণ সংক্রান্ত সমন্বয় সভা শেষে তিনি সাংবাদিকদের আজ এসব কথা বলেন।
সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ এতে সভাপতিত্ব করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের এমপি ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাম্মাদ আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের এমপি মুহা. রবিউল বাশার, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি মো. হাবিবুল ইসলাম হাবিব, সংরক্ষিত আসনের এমপি বীথিকা বিনতে হোসাইন, খুলনা বিভাগীয় রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক রাহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি, ড. মনিরুজ্জামান প্রমুখ।
আইনমন্ত্রী বলেন, একসময় গায়েবি মামলাগুলোর বাদী হতো পুলিশ। কিন্তু গত দুই বছরে পুলিশ বাদী হয়ে একটিও রাজনৈতিক মিথ্যা গায়েবি মামলা করেনি। ভিকটিম বা ভিকটিমের পরিবার যদি কারো বিরুদ্ধে মামলা করে, পুলিশ সেটিও খতিয়ে দেখবে এবং তদন্ত করবে। তবে মামলা নিতে পুলিশ অস্বীকার করতে পারবে না। আইন তাকে সে ক্ষমতা দেয়নি। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আইনমন্ত্রী এসময় সুন্দরবনের জলদস্যুদের দৌরাত্ম্য কমাতে কোস্টগার্ড ও প্রশাসন যৌথভাবে কাজ করছে বলে জানান। এছাড়া মাদক, অস্ত্র ও স্বর্ণ চোরাচালান রোধে প্রশাসনিকভাবে যা যা করার দরকার সবই করা হবে বলেও জানান তিনি।
মো. আসাদুজ্জামান আরও বলেন, সরকার অবশ্যই জুলাই সনদ অনুসারেই তা বাস্তবায়ন করবে। এখানে কোনো ইফ এবং বাট নেই। এটার জন্য সংবিধান সংশোধন প্রয়োজন। আমরা সেই পথ ধরেই এগোচ্ছি। আশা করি আমাদের বিরোধী দলও সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। এটাই প্রত্যাশা করি।
এর আগে মন্ত্রী সাতক্ষীরার জেলা জজ আদালতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সেসময় বিচার বিভাগকে গতিশীল করার জন্য দ্রুত শূন্য পদে বিচারক নিয়োগ এবং মামলার জট কমানোর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।
মন্ত্রী বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।





