ভোটের মাঠে ভিন্ন বার্তা, জামালপুর-০৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে সবজি বীজ বিতরণ
ফারিয়াজ ফাহিম
জামালপুর
জামালপুর-০৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রচারণার অংশ হিসেবে ভোটারদের মাঝে দেশীয় সবজির বীজ উপহার দিচ্ছেন তার সমর্থিত ছাত্রদল কর্মী মাহিম।
শুক্রবার শহরের পাথালিয়া ১নং ওয়ার্ডে ভোটারদের মাঝে প্রচারনার সময় এই বীজ বিতরণ করা হয়। এ সময় শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহিমের নেতৃত্বে প্রচারণা চালানো হয়। মাহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন এবং ভোটারদের হাতে তুলে দেন বিভিন্ন ধরনের দেশীয় সবজির বীজ।
মাহিম জানান, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পরিবেশবান্ধব ও স্বনির্ভরতার বার্তা দেওয়া হচ্ছে, তেমনি সাধারণ মানুষের সঙ্গে প্রার্থীর মানবিক যোগাযোগ আরও দৃঢ় হচ্ছে। ভোটাররাও এমন ব্যতিক্রমী প্রচারণাকে ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানান তিনি।
এ সময় প্রচারনায় উপস্থিত কর্মীরা বলেন, এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন জনগণের পাশে থেকে কাজ করতে বিশ্বাস করেন। তার এই প্রচারণা সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে এবং নির্বাচনী মাঠে ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।
এ ধরনের ব্যতিক্রমী ও জনবান্ধব উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।।




