করতোয়া নদীর ভাঙন রক্ষায় কংক্রিট ব্লক বসিয়ে টেকসই বাঁধ নির্মাণ করা হবে-দেবীগঞ্জে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ে প্রায় ৩১ কিলোমিটার নদী পথের বিভিন্ন স্থানে ভাঙন ও ক্ষয় ক্ষতির কারণে কৃষি জমি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব এলাকা ও ভাঙন রক্ষায় করতোয়া নদীতে কংক্রিট ব্লক বসিয়ে টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ২৫ কিলোমিটার নদী পথ পুনঃখননের উদ্যোগও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ পৌর এলাকার করতোয়া নদীর তীর এলাকা এবং ময়নামতি চর সংলগ্ন স্থান পরিদর্শন করে এসব মন্তব্য করেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ করতোয়া নদীর পুনঃখনন ও বাঁধ নির্মাণ প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শনও করেছেন।
পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় তিনি আরও জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার নদীভাঙন রোধের পাশাপাশি কৃষি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে এবং ফসল উৎপাদন বাড়বে। এর মাধ্যমে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, খাল খননের মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটানোর যে উদ্যোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রহণ করেছিলেন। বর্তমান সরকার সেই ধারাবাহিকতা বজায় রেখে নদী ও খাল ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করছে। সুষ্ঠু পানি ব্যবস্থাপনার মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা জোরদার হবে বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়াও দেবীগঞ্জের ঐতিহ্যবাহী ময়নামতি চরকে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। চর এলাকাকে নদী ভাঙন থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি পর্যটকদের জন্য উপযোগী অবকাঠামো গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী। আগামী জুন মাসের মধ্যে প্রকল্পের প্রথম ধাপের কাজ শুরু করার লক্ষ্যে প্রাথমিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এসময় পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।




