কার্যক্রম নিষিদ্ধ আওলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফরিদগঞ্জে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
মোঃ সোহেল রানা, চাঁদপুর প্রতিনিধি:
আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরে ফরিদগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার বিআরডিবি মাঠে এ কর্মসূচি পালন করে দলটি। জেলা বিএনপির সহসভাপতি শরীফ মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সমাবেশে –
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এম এ হান্নান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী। ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল ও জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মুকুল পাটওয়ারী।
সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের চেতনায় ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ। দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে বিএনপি সোচ্চার রয়েছে। সাধারণ মানুষের ওপর অন্যায়ভাবে হামলা ও নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বক্তারা আরও বলেন, বিএনপি দীর্ঘদিন ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং সহনশীলতার পরিচয় দিয়েছে। কিন্তু সেই সুযোগে সাধারণ মানুষের ওপর অন্যায়ভাবে আক্রমণ চালানো হচ্ছে। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় হত্যা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তাঁরা। এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অন্যায় ও নৈরাজ্যের বিরুদ্ধে আর ছাড় দেওয়া হবে না।
সমাবেশে উপস্থিত ছিলেন ডাক্তার আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল পাটওয়ারী, আবু জাফর খসরু মোল্লা, পৌর বিএনপির সাবেক সভাপতি আমানত গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমান পাটওয়ারী, সম্পাদক আমিন মিজি, ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান মঞ্জু, সম্পাদক শাওন চৌধুরীসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




