ঢেউটিন ও নগদ অর্থ বিতরণে স্বস্তি পেল দুস্থ পরিবার
জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর আওতায় রংপুরের তারাগঞ্জ উপজেলায় বিভিন্ন ইউনিয়নের অতি-দরিদ্র, দুস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহ নির্মাণ বাবদ নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৩রা মার্চ) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা হারুন উর রশিদসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বসবাসরত ঝুঁকিপূর্ণ ঘরে থাকা অসহায় পরিবারের তালিকা প্রণয়ন করে যাচাই-বাছাই শেষে তাদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়, যাতে তারা নিরাপদ বাসস্থান নির্মাণ করতে পারে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারের লক্ষ্য হলো কোনো অসহায় পরিবার যেন খোলা আকাশের নিচে বসবাস না করে। পর্যায়ক্রমে প্রকৃত ক্ষতিগ্রস্ত ও দরিদ্র পরিবারের মাঝে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের বসবাসের নিরাপত্তা নিশ্চিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।





