ভোলায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
মোঃ রাফসান জানি, ভোলা
ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাতে ভোলা সদর উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ মার্চ বুধবার রাত ৮টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদর থানার শান্তিরহাট অটো ব্রিকফিল্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ মোঃ সোলেমান বাদশা (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি ভোলা সদর উপজেলার বড় চর সামাইয়া শান্তিরহাট এলাকার বাসিন্দা।
অপরদিকে একইদিন রাত ৯টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ভোলা সদর থানার ৯ নং সদূরচর সংলগ্ন এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় ২০ হাজার টাকা মূল্যের ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ হাশেম (৪৪) নামে আরেক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি ভোলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সদূরচর এলাকার বাসিন্দা।
আটককৃতদের কাছ থেকে জব্দ করা গাঁজা এবং তাদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মোঃ আবুল কাশেম জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





