শেরপুরে জ্বালানি তেল সরবরাহ ও নজরদারি জোরদারে মতবিনিময় সভা
মোঃ মাকসুদুর রহমান
শেরপুর প্রতিনিধি:
জ্বালানি পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানি তেলের পাচার প্রতিরোধে শেরপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ ২০২৬) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জ্বালানি পাম্প মালিক, সরবরাহকারী, ব্যবসায়ী, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। তিনি বৈশ্বিক প্রেক্ষাপটে সৃষ্ট সাময়িক জ্বালানি সংকট মোকাবিলায় সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি জ্বালানি তেল বিক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত করা, অবৈধ সরবরাহকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিংয়ের মাধ্যমে সরকার কর্তৃক জারিকৃত অবশ্যপালনীয় নির্দেশনা প্রচারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আব্দুল আউয়াল চৌধুরী, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি এবং জ্বালানি তেল পাম্পের মালিক, ম্যানেজার ও প্রতিনিধিরা।
সভায় জ্বালানি পণ্যের সুষ্ঠু সরবরাহ বজায় রাখা, মজুতদারি ও পাচার রোধে কঠোর নজরদারি এবং প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।




