মাদারীপুরে যৌতুকের জন্য নির্যাতন! গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরে সাথী আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) সকালে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর মহিষেরচর গ্রামের তার শশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই শশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। নিহত সাথী একই এলাকার অহিদুল খানের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, অল্প কিছুদিন আগে ভালোবেসে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাসিন্দা কাইয়ুম বেপারীকে বিয়ে করেন সাথী। কাইয়ুম বেপারী বর্তমানে ইতালি যাওয়ার উদ্দেশ্যে দেশ ছেড়ে লিবিয়ায় অবস্থান করছেন। এদিকে স্বামীর অনুপস্থিতিতে সাথীকে যৌতুকের টাকার জন্য প্রায়ই শারীরিক নির্যাতন করতেন তার শশুর গোলাম বেপারী। মৃত্যুর আগেও তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার সকালে সাথীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বিষয়টি এলাকায় জানাজানি হলে শশুরবাড়ির লোকজন দ্রুত বাড়ি থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠান।
স্থানীয় বেশ কয়েকজন নাম প্রকাশ্য অনিচ্ছুক তারা জানান, তার শ্বশুর খারাপ প্রকৃতির লোক। তাকে টাকার জন্য নির্যাতন করে মেরে ফেলেছে। আমরা এই ফ্যামিলির বিচার চাই।
স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত (নিহত সাথীর) শ্বশুর গোলাম ব্যাপারীর বাড়িতে গিয়ে পাওয়া যায়নি এ বিষয়ে অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে কোন বক্তব্যও মেলেন।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানায়, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





