সিরাজগঞ্জে অবৈধ ছয় ইটভাটায় সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা, দুইটি ভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে পরিচালিত ছয়টি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকর ও অনুমোদনহীন দুটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, প্রসিকিউটর শাহিন আলমসহ পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে বিভিন্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকা, নির্ধারিত পরিবেশগত মানদণ্ড লঙ্ঘন, কৃষিজমি নষ্ট করা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করার প্রমাণ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মেসার্স বর্ণ ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স প্রত্যয় ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স এডিবি ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স লামইয়া ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স মামা-ভাগ্নে ব্রিকসকে ৫ লাখ টাকা এবং মেসার্স আরএফবি ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হওয়ায় দুটি ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। অভিযানের সময় স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়াতে পরিবেশ সংরক্ষণ আইন সম্পর্কে সতর্কতামূলক বার্তাও দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অবৈধভাবে পরিচালিত ইটভাটা পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক ক্ষতিকর। এসব ভাটার কারণে বায়ুদূষণ বাড়ছে, ফসলি জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং আশপাশের পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তাই পরিবেশ রক্ষায় অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান চালানো হবে।
তারা আরও জানান, ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





