সারাদেশ

সন্তানদের উৎসাহে ৫২ বছরে এইচএসসি পাস করলেন ডিমলার শেফালী বেগম

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার শেফালী বেগমের বয়স এখন ৫২ বছর। জীবনের নানা প্রতিকূলতা, সংসারের দায়িত্ব ও দীর্ঘ শিক্ষাবিরতি পেরিয়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.২১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। তাঁর এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পাশাপাশি নতুন করে শিক্ষার স্বপ্ন দেখার অনুপ্রেরণা ছড়িয়ে পড়েছে।

শেফালী বেগম পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ এলাকার বাসিন্দা। ছোটবেলায় বাবাকে হারানোর পর পারিবারিক সংকটে বন্ধ হয়ে যায় তাঁর পড়াশোনা। অষ্টম শ্রেণিতে পড়ার সময় সংসারের দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে। পরে স্বামী-সন্তান ও পরিবারের দেখাশোনায় কেটে যায় জীবনের দীর্ঘ সময়। তবে পড়াশোনার প্রতি আগ্রহ কখনো হারাননি তিনি।

স্বামী ও সন্তানদের উৎসাহে ২০২০ সালে আবারও বই হাতে তুলে নেন শেফালী। ভর্তি হন ডোমার উপজেলার গোমনাতি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে। দীর্ঘ বিরতির পর পড়াশোনা শুরু করে ২০২৩ সালে জিপিএ ৪.২৯ পেয়ে এসএসসি পাস করেন। এবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) পরীক্ষায় মূল জিপিএ ৩.৯৬ এবং ঐচ্ছিক বিষয়সহ ৪.২১ অর্জন করেছেন তিনি।

শেফালী জানান, সংসারের কাজ শেষ করে প্রতিদিন রাত ৯টার পর পড়তে বসতেন। অনেক দিন রাত ১টা-২টা পর্যন্ত পড়াশোনা করেছেন। কোনো প্রাইভেট শিক্ষক না থাকায় ইংরেজিসহ বিভিন্ন বিষয়ে ছেলে-মেয়েদের কাছ থেকে সহযোগিতা নিয়েছেন। তাঁর ভাষায়, বয়স শুধু একটি সংখ্যা। সুযোগ ও ইচ্ছা থাকলে যেকোনো বয়সেই পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব। এবার অনার্সে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জন করতে চান তিনি।

পড়াশোনার পাশাপাশি সামাজিক দায়িত্বও পালন করেছেন শেফালী। ২০১১ সালে পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি।

শেফালীর ছেলে আব্দুর রাজ শাফি দক্ষিণ কোরিয়ার কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ে তথ্যপ্রযুক্তি বিষয়ে স্নাতকোত্তরে অধ্যয়নরত। মেয়ে মাখছুরা খানম নাসমুন রংপুর সরকারি কলেজে স্নাতকোত্তরে পড়ছেন। মায়ের সাফল্যে আনন্দ প্রকাশ করে ছেলে বলেন, এটি তাঁদের পরিবারের জন্য ঐতিহাসিক মুহূর্ত। মায়ের ত্যাগ ও অনুপ্রেরণার কারণেই তাঁরা আজ এই অবস্থানে পৌঁছেছেন। তিনি চান, মা এখানেই থেমে না থেকে আরও উচ্চশিক্ষা অর্জন করুন।

শেফালীর স্বামী মো. মকছেদুল আলম মজনু বলেন, পরিবারের জন্য শেফালী নিজের অনেক স্বপ্ন ত্যাগ করেছেন। দীর্ঘদিন পর সেই স্বপ্ন পূরণ করতে পেরেছেন, এটাই তাঁদের সবচেয়ে বড় আনন্দ। পড়াশোনার জন্য তাঁকে সব সময় সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও পাশে থাকবেন।

গোমনাতি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ দিলীপ রায় জানান, দীর্ঘ শিক্ষকতা জীবনে শেফালীর মতো সংগ্রামী শিক্ষার্থী খুব কম দেখেছেন। তাঁর সাফল্য প্রমাণ করে, ইচ্ছাশক্তি ও অধ্যবসায় থাকলে বয়স কোনো বাধা নয়।

শেফালীর নাতনি ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শারাফি রাজের কাছেও দাদি এখন অনুপ্রেরণার নাম। সে জানায়, দাদির সাফল্যে সে ভীষণ খুশি ও গর্বিত। দাদির কাছ থেকে অনুপ্রাণিত হয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে চায় এবং বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে।

৫২ বছর বয়সে শেফালী বেগমের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং নানা কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেওয়া নারী ও অন্যদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত। তাঁর জীবনগল্প মনে করিয়ে দেয়, স্বপ্ন পূরণের কোনো নির্দিষ্ট বয়স নেই দৃঢ় ইচ্ছাশক্তি, পরিশ্রম ও পরিবারের সহযোগিতা থাকলে যেকোনো বয়সেই নতুন করে শুরু করা সম্ভব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,