হাতীবান্ধা বিএনপি নেতা ও তাদের স্ত্রীর সাথে সমন্বয় করে ত্রাণ বিতরণের নির্দেশনা ইউএনও’র!
লুৎফর রহমান,লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধায় এবার বিএনপি নেতা ও নেতার স্ত্রীর সাথে সমন্বয় করে ঈদুল ফিতর উপলক্ষে ত্রাণের চাল বিতরণ করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন হক ওই উপজেলার ১২টি ইউনিয়নে ১২ জন বিএনপি নেতা ও ১২ জন বিএনপি নেতার স্ত্রীর নাম দিয়েছেন। গত ৫ মার্চ ইউএনও স্বাক্ষরিত এমন নির্দেশনা ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের দেয়া হয়েছে।
ওই পত্রে দেখা যায়, ১নং বড়খাতায় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান ও ইউনিয়ন বিএনপির সম্পাদক মোবাইদুর রহমান মিঠুর স্ত্রী রাভানা বেগম, ২নং গড্ডিমারীতে ইউনিয়ন বিএনপির আহবায়ক সফিকুল ইসলামের স্ত্রী কামরুন্নাহার, সিংগিমারী ইউনিয়নে উপজেলা যুবদলের সাবেক সম্পাদক সাইফুল ইসলাম আলম ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আ: মোতালেবের স্ত্রী হোসনেআরা, টংভাঙ্গা ইউনিয়নে উপজেলা কৃষকদলের সম্পাদক মতিউর রহমান মতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরনবী কাজলের স্ত্রী নাছরীন ফারহানা সোহাগ, সিন্দুর্না ইউনিয়নে বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, বিএনপি নেতা আ: সালামের স্ত্রী শাহানাজ পারভীন, পাটিকাপাড়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাহারুল ইসলাম মোজা ও বিএনপি নেতা রফিকুল ইসলামের স্ত্রী শাপলা বেগম, ডাউয়াবাড়ী ইউনিয়নে বিএনপির সদস্য সচিব রবিউল ইসলাম রবি ও ইউনিয়ন বিএনপির আহবায়কের স্ত্রী মাকতুবা ওয়াশিম বেলীসহ বিভিন্ন ইউনিয়নে এভাবে বিএনপি নেতা ও তাদের স্ত্রীকে গণ্যমান্য ব্যক্তি বানিয়ে ইউনিয়ন পরিষদে পত্র দিয়েছেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন হক। পত্রে নির্দেশনা দেয়া হয়েছে, তাদের সাথে সমন্বয়ন করে তালিকা তৈরী ও ত্রাণ বিতরণ করতে হবে।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন হক জানান, সবার সাথে সমন্বয় করে অফিসিয়াল নিয়ম মেনে গণমান্য ব্যক্তিদের তালিকা তৈরী করে ইউনিয়ন পরিষদে প্রেরণ করা হয়েছে। যদি কোনো নামে অভিযোগ থাকে আমার তা পরিবর্তন করবো।





