ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ।
কাউছার আহমেদ টিপু, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সীমনা সড়কের পাশে ফসলি জমি ও বিল অবৈধভাবে বালু দিয়ে ভরাট করার অভিযোগে প্রশাসনের অভিযানে দুইটি স্থানে ফেলে রাখা বালু জব্দ করে প্রকাশ্য নিলামের মাধ্যমে মোট ২ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকালে সিমনা সড়কের সদর উপজেলার ভাদুঘর মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সীমনা সড়কের পাশে ফসলি জমি ও বিল অবৈধভাবে বালু দিয়ে ভরাট করা হচ্ছে এমন অভিযোগে গণমাধ্যমেও নিয়মিত প্রতিবেদন প্রকাশিত হয়। এতে এলাকার সড়কের দুই পাশের প্রাকৃতিক পরিবেশ ও কৃষিজমি এবং তিতাস নদীর মারাত্মক হুমকির মুখে পড়ছে ।
এ প্রেক্ষিতে জেলা নদী রক্ষা কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুটি স্থানে থাকা বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই প্রকাশ্য নিলামের মাধ্যমে বালু বিক্রি করা হয়, যেখানে মোট ২ লাখ ৫০ হাজার টাকায় বালু ক্রয় করেন সর্বোচ্চ দরদাতারা।
এদিকে পরিবেশবাদী সংগঠন ‘তরী বাংলাদেশ’ আহ্বায়ক শামীম আহমেদ মনে করে, এ ধরনের নিলাম অবৈধভাবে বালু ভরাটের প্রবণতা নিরুৎসাহিত করবে। আমরা আশা প্রকাশ করব, ভবিষ্যতেও এ ধরনের সকল অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নদী ও প্রকৃতি সুরক্ষায় প্রশাসনের উদ্যোগ অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন জানান, অবৈধভাবে বালু ফেলে ফসলি জমি ও বিল ভরাটের কারণে তিতাস নদী ও কৃষি জমির পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। তিনি নিলামকৃত বালু নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশও দেন।





