ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
মোঃ রাফসান জানি, ভোলা
ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর উপজেলার পশ্চিম চরনোয়াবাদ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ মোঃ জিলন খান (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটক জিলন খান ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরনোয়াবাদ গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ সোলাইমান।
অভিযানে জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ বিষয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মোঃ আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।





