সিরাজগঞ্জে ইউপি সচিবের ওপর অতর্কিত হামলার অভিযোগ, অভিযুক্ত ইউপি সদস্য আবু রায়হান
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার ২নং বাগবাটি ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মাসুদ রানার ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু রায়হানের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জেরে হামলা চালানোর অভিযোগ করেছেন ভুক্তভোগী।
জানা গেছে, গত ১৫ মার্চ ২নং বাগবাটি ইউনিয়ন পরিষদে আসন্ন ঈদ উপলক্ষে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, ওই উত্তেজনার জের ধরে ইউপি সদস্য আবু রায়হানের মদদে বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসীরা সচিব মাসুদ রানার ওপর হামলা চালায়।
ভুক্তভোগী সচিব মাসুদ রানা জানান, ভিজিএফ চাল বিতরণের দায়িত্ব তার ওপর ছিল না। এ কার্যক্রম পরিচালনা করেন ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ রুহুল আমিন, মোঃ আব্দুল মান্নান, মোঃ আব্দুল মমিন, ট্যাগ অফিসার সিরাজুল মনির এবং প্রশাসক আতিকুর রহমান তালুকদার।
তিনি অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জেরে আবু রায়হান বহিরাগত লোকজন নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালান। হামলার সময় তাকে মারধর করা হয় এবং তার অফিসে ভাঙচুর চালিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র ছিঁড়ে ফেলা হয়। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি।
ভুক্তভোগী আরও জানান, এর আগেও সাবেক প্রশাসক সোহেল রানাকে হেনস্থার অভিযোগে ইউপি সদস্য আবু রায়হান সাময়িকভাবে বরখাস্ত হয়েছিলেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আবু রায়হানের স্ত্রী সচিবের বিরুদ্ধে অভিযোগ করছেন। ভিডিওতে আরও দেখা যায়, হামলার কিছুক্ষণ আগে রায়হানের লোকজন ইউনিয়ন পরিষদের প্রধান ফটক বন্ধ করে রাখে।
অভিযোগের বিষয়ে আবু রায়হানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন অবগত রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচিব মাসুদ রানা। পাশাপাশি তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।





