হাটিকুমরুলে শীর্ষ মাদক কারবারি সামিদুল গ্রেপ্তার, ৫১৫ পিস ইয়াবা উদ্ধার
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় মাদকবিরোধী অভিযানে শীর্ষ মাদক কারবারি সামিদুলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার ব্যবহৃত একটি অফিস থেকে প্রায় ৫১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায় র্যাব। উদ্ধারকৃত মাদকের সূত্র ধরে পরবর্তীতে তাকে আটকের জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে আজ তাকে সলঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে সলঙ্গা থানার ওসি আসলাম আলী বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আজ আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আমরা আদালতের কাছে রিমান্ডের আবেদন করেছি, যাতে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার সঙ্গে জড়িত অন্য সহযোগী ও মাদক চক্রের সদস্যদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়।
র্যাব জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।





