হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নেপ্রাথমিক বিদ্যালয় শিক্ষকের চেয়ে শিক্ষার্থী কম।
লুৎফর রহমান লালমনিরহাট জেলা প্রতিনিধি)
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর গোতামারী আদর্শ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি নিয়ে উদ্বেগজনক পরিস্থিতির চিত্র উঠে এসেছে। বুধবার (২২ এপ্রিল ২০২৬) দুপুর প্রায় ১২টার দিকে সরেজমিনে বিদ্যালয়টি পরিদর্শন করে দেখা যায়, সেখানে উপস্থিত রয়েছেন ৬ জন শিক্ষক; কিন্তু শ্রেণিকক্ষে শিক্ষার্থী মাত্র ১ জন।
এ সময় বিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষ ঘুরে দেখা যায়, নিয়মিত পাঠদান কার্যক্রম তেমনভাবে চলছে না। অধিকাংশ শিক্ষককে বিদ্যালয়ের অফিস কক্ষে বসে থাকতে দেখা গেছে। শিক্ষার্থীর এমন নগণ্য উপস্থিতি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়টিতে শিক্ষার্থীর উপস্থিতি অত্যন্ত কম। কিন্তু বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান হয়নি। তাদের দাবি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের নিয়মিত পরিদর্শন ও তদারকি না থাকার কারণেই এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্ট সচেতন মহলের মতে, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন চিত্র অত্যন্ত হতাশাজনক এবং উদ্বেগজনক। শিক্ষার মান বজায় রাখা ও শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে তারা মনে করছেন।
এ বিষয়ে মুঠোফোনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকি উজ্জামান মিয়া-র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
স্থানীয়দের প্রত্যাশা, বিদ্যালয়ের প্রকৃত অবস্থা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক , যাতে প্রাথমিক শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হয়।





