নালা ছাড়া নির্মাণ: বদরখালীর ওয়াপদা সড়ক নিয়ে ক্ষোভ ব্যবসায়ী ও পথচারীদের,
আলফাজ মামুন নুরী
কক্সবাজার প্রতিনিধি
চকরিয়া উপজেলার বদরখালী বাজার এলাকায় ওয়াপদা সড়ক পুনঃসংস্কার কাজ চললেও নালা (ড্রেনেজ ব্যবস্থা) ছাড়া রাস্তা নির্মাণ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছরই এই সড়কটি সংস্কার করা হলেও দীর্ঘস্থায়ী কোনো সমাধান মিলছে না। মূলত নালা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে রাস্তা দ্রুত নষ্ট হয়ে যায়, ফলে কয়েক মাসের মধ্যেই বেহাল অবস্থায় পড়ে সড়কটি।
বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, “বিগত বছরগুলোতেও একইভাবে রাস্তা সংস্কার করা হয়েছিল। কিন্তু নালা না থাকায় অল্প সময়েই রাস্তার অবস্থা খারাপ হয়ে পড়ে। এখনো একই ভুলের পুনরাবৃত্তি হচ্ছে।”
পথচারীরা বলেন, “এই ওয়াপদা সড়ক নামমাত্র সংস্কার হয়। বৃষ্টি হলেই বোঝা যায় নালার গুরুত্ব কতটা। নালা ছাড়া এই রাস্তা কার্যত অপ্রয়োজনীয় হয়ে পড়ে।”
হকার ব্যবসায়ীরা জানান, “প্রতি বছরই আমরা এই রাস্তার সংস্কার দেখতে পাই, কিন্তু কোনো স্থায়ী সমাধান হয় না। আগের মতো এবারও নালা ছাড়া কাজ হচ্ছে। এতে আমাদের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।”
ক্ষুব্ধ ব্যবসায়ী ও পথচারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বর্তমান জনপ্রতিনিধিদের কাছে জোর দাবি জানিয়েছেন,দ্রুত সময়ের মধ্যে ওয়াপদা সড়কে কার্যকর ড্রেনেজ (নালা) ব্যবস্থা নিশ্চিত করতে হবে। স্থায়ী ও টেকসই উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে সড়ক নির্মাণ করতে হবে।
নালা ছাড়া সড়ক নির্মাণের ফলে জনগণের দুর্ভোগ কমার বদলে বাড়ছে। তাই দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে এই সড়ক আবারও আগের মতোই ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।





