সিরাজগঞ্জে আন্তঃজেলা ট্রান্সমিটার চোর চক্রের ৯ সদস্য আটক, উদ্ধার তামার তার ও সরঞ্জাম
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় আন্তঃজেলা ট্রান্সমিটার চোর চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯ সদস্যকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ। এ সময় বিপুল পরিমাণ ট্রান্সমিটারের তামার তার ও চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার রাতে সলঙ্গার সিআরবিসি এলাকার বাকিরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে প্রশাসনের সোর্স পরিচয়দানকারী চরিয়া মধ্যেপাড়া এলাকার হানিফ সরকারের ছেলে সিএনজি চালক সাগর সরকার (২৬) রয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, অভিযানের সময় সিআরবিসি এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী নুরনবীর দোকান থেকেও চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নুরনবী পালিয়ে যায়। এ সময় পাবনার বেড়া থানার বড় পাইনা এলাকার চান মিয়ার ছেলে আলমগীর (৩০) ও মৃত সুরমান হোসেনের ছেলে মোস্তফা (৩০)কে আটক করা হয়।
আটক অন্য সদস্যরা হলেন- চড়িয়া কালীবাড়ি এলাকার আলতাফ আলীর ছেলে নয়ন (২৮), জুলহাস (৩২), শরিফুল মৃধার ছেলে কাউছার (২৮), ছুরমান শেখের ছেলে রমজান (২৮), আবুল কালামের ছেলে কামরুল ইসলাম (৪০), চরিয়া কান্দিপাড়া এলাকার হাকিম ফকিরের ছেলে মো. শামিম (৩৮) এবং উল্লাপাড়ার গয়েশ্বর বেলাই এলাকার মন্টু প্রামাণিকের ছেলে শরিফুল ইসলাম (৩২)।
পুলিশি জিজ্ঞাসাবাদে আটক সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা নুরনবীর কাছে চোরাইকৃত ট্রান্সমিটার ও অন্যান্য মালামাল বিক্রি করে আসছিলেন। অভিযোগ রয়েছে, নুরনবী চক্রটির অন্যতম মূল হোতা। তিনি বিভিন্ন এলাকা থেকে চোরাইকৃত মালামাল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে অন্যান্য ভাঙ্গারি ব্যবসায়ীদের মাধ্যমে সরবরাহ করতেন।
সলঙ্গা থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক নুরনবীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।




