সিরাজগঞ্জে র্যাবের অভিযানে ১৮০ বোতল স্ক্যাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানে ১৮০ বোতল স্ক্যাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (০৭ মে) সকালে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ।
র্যাব-১২ সূত্রে জানা যায়, বুধবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে র্যাব-১২ এর ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল সলঙ্গা থানার হাটিকুমরুল বাজার থেকে সলঙ্গাগামী সড়কের ওভারব্রিজের পশ্চিম পাশে নাজমুল হাসানের হার্ডওয়্যার দোকানের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাদক পরিবহনের সময় ১৮০ বোতল স্ক্যাফ সিরাপসহ মোঃ শহীদুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক শহীদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনোগাছা ইউনিয়নের রাজনগর হাঙ্গামী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে মোটরসাইকেলের মাধ্যমে সিরাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।




