সিরাজগঞ্জে র্যাবের অভিযানে ১ কেজি হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেফতার
ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি হেরোইনসহ এক নারী মাদক সরবরাহকারীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
রবিবার (১০ মে) সকালে লিখিত একপ্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২, সদর কোম্পানির কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ।
র্যাব-১২ সূত্রে জানা যায় তথ্য প্রযুক্তির সহায়তায় গত শুক্রবার (৯ মে) বিকেল ৪টা দিকে র্যাব-১২’র সদর কোম্পানির একটি আভিযানিক দল সলঙ্গা থানাধীন হরিণচড়া বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে রাজশাহী থেকে ঢাকাগামী মহাসড়কের পাশে নিউ ফুড ভিলেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে ১ কেজি হেরোইনসহ এক নারী মাদক সরবরাহকারীকে আটক করা হয়। গ্রেফতারকৃত ওই নারীর বয়স ৫২ বছর। তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।





