দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন একাধিক কর্মসূচিতে
মোঃ হাবিবুর রহমান (চাঁদপুর)
আজ, ১৬ মে (শনিবার), চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন পর তার এই সফরকে ঘিরে জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
সফরকালে তিনি জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, পরিদর্শন এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা। পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠকেও অংশ নেবেন তিনি। এছাড়া কুমিল্লায় একটি পথসভায় বক্তব্য দেওয়ারও কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং গত সপ্তাহেই এই সফরের তথ্য জানিয়েছিল। শুক্রবার (১৫ মে) বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা যায়, প্রায় ২২ বছর পর তার এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতোমধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্ভাব্য কর্মসূচির স্থানগুলো পরিদর্শন করেছেন।
সূত্র জানায়, ১৬ মে সকালে প্রধানমন্ত্রী চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন। দুপুর সাড়ে ১২টায় শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষেরহাট সংলগ্ন বিশ্ব খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন।
পরে বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকাল ৫টায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।




