শিবচরে সাংবাদিক পরিচয়ে চুরি-ছিনতাইয়ের অভিযোগ, আটক ১
হোসাইন মাহমুদ মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ ফারুক (৪৫) নামে এক কথিত সাংবাদিককে আটক করেছে শিবচর থানা পুলিশ।
এ সময় তার কাছ থেকে একটি চোরাই পিকআপসহ মোট তিনটি পিকআপ উদ্ধার করা হয়। পরে সেগুলো শিবচর থানায় নিয়ে যায় পুলিশ। উদ্ধার হওয়া গাড়িগুলোর বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।
রবিবার (১৭ মে) দুপুর ৩টার দিকে উপজেলার মাদবরের চর ইউনিয়নের ভ্যালি ব্রিজ এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে শিবচর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক মোহাম্মদ ফারুকের বাড়ি খুলনার তেরখাদা এলাকায়। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে শিবচরের ভ্যালি ব্রিজ এলাকায় বসবাস করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মে দিবাগত রাত ৪টা থেকে ৫টার মধ্যে রাজৈর এলাকা থেকে একটি পিকআপ চুরি হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই পিকআপটি উদ্ধার এবং ফারুককে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন কাদের জানান, উদ্ধার হওয়া আরও দুটি পিকআপের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ফারুক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলোও চুরি করা যানবাহন।
তিনি আরও জানান, স্থানীয়দের কাছে তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন। তবে তিনি প্রকৃতপক্ষে কোনো গণমাধ্যমের সঙ্গে যুক্ত কিনা, তা যাচাই করা হচ্ছে।
এএসপি সালাউদ্দিন কাদের বলেন, “সাংবাদিক পরিচয় ব্যবহার করে গাড়ি চুরি, গরু ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
পুলিশ জানায়, ফারুক পেশায় একজন গাড়ির মিস্ত্রি। তার ব্যবহৃত গাড়িতে সাংবাদিক স্টিকার লাগানো ছিল। এছাড়া তিনি বর্তমানে দুই স্ত্রী নিয়ে বসবাস করছেন। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।





