সীমান্ত রক্ষায় কাজ করছে বিজিবি, পঞ্চগড়সহ বিভিন্ন রিজিয়নে বছরে অস্ত্র, মাদক, মুদ্রা উদ্ধার
একেএম বজলুর রহমান , পঞ্চগড়
পঞ্চগড়সহ রংপুর রিজিয়নের প্রতিটি বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে নিরলস ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
বিজিবির রংপুরের উত্তর পশ্চিম রিজিয়ন প্রেস রিলিজের মাধ্যমে মাদক, অস্ত্র, মুদ্রা উদ্ধারের বিষয়টি জানান। এসব কাজে সহযোগিতা করেন পঞ্চগড় ১৮ বিজিবির ব্যাটালিয়ন। সীমান্ত সুরক্ষায় উত্তর পশ্চিম রিজিয়নের সাথে তারা একসাথে কাজ করছেন।
২০মে বুধবার গণমাধ্যমকর্মীদের কাছে এ প্রেস রিলিজ প্রদান করে এসব তথ্য জানানো হয়।
রংপুর রিজিয়ন এর আওতাধীন ব্যাটালিয়নে কর্মরত বিজিবি সদস্যরা সীমান্তে বিভিন্ন অভিযান পরিচালনা করে গত ১ বছরে ৫৪৭ জন আসামীকে আটক করা হয়। ৯৪ কোটি ৫২ লক্ষ ৬৯ হাজার ৪৯৩ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদক, চোরাচালানকৃত মালামাল আটক করতে সক্ষম হন। এর মধ্যে ফেন্সিডিল ২৫ হাজার ৬২ বোতল, বিদেশী মদ ১৭ হাজার ১১১ বোতল, ইয়াবা ৩০ হাজার ১৯০ পিস, গাঁজা ৬৩ কেজি, ভারতীয় বিভিন্ন প্রকার নেশাজাতীয় সিরাপ ১ লক্ষ ২ হাজার ১৭৯ বোতল, ভারতীয় মেটাডক্সিন ট্যাবলেট ২ লক্ষ ৫০ হাজার ৯২৩ পিস, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ১ লক্ষ ৮০ হাজার ৩৫৯ পিস এবং ভারতীয় নেশা জাতীয় ইঞ্জেকশন ৪১ হাজার ৭২৬ পিস।
এছাড়াও বিভিন্ন প্রকার প্রসাধনী, ঔষধ, খাবার সামগ্রী, শাড়ী, লেহেঙ্গা, প্যান্টের কাপড়, কম্বল, শাল চাদর, জিরা, ধান, চিনি, পিঁয়াজ, আপেল এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।চোরাচালানকৃত মালামাল বহনকারী যানবাহনের মধ্যে ট্রাক, ইজি বাইক, ইঞ্জিন চালিত নৌকা, মোটরসাইকেল এবং বাইসাইকেলও আটক করা হয়।
পাচারের উদ্দেশ্যে গবাদি পশু মধ্যে গরু ২২শ ৫৩টি গরু, ৫৩৩টি মহিষ ও ৩৪টি ছাগল উদ্ধার করা হয়। ২৪ হাজার ৬০২ ইউএস ডলার, ৩ লক্ষ ২৩ হাজার ৯৫৫ ভারতীয় রুপি ও ৩ হাজার ইন্দোনেশিয়ান মুদ্রা আটক করা হয়েছে।
ব্যাটালিয়ন সমূহ হতে বিশেষ অভিযান পরিচালনা করে দেশী/বিদেশী পিস্তল ১৪টি পিস্তল, ৭টি বিদেশি ওয়ান শুটার গান, ৭৫ রাউন্ড গুলি, ২৫টি ম্যাগাজিন ও ৫ হাজার ৩৫০ রাউন্ড শিসা গুলি আটক করতে সক্ষম হয়েছে।
গত এক বছরে রংপুর রিজিয়নের এলাকা দিয়ে ১৩ জন ও ২ জন শিশুকে ভারতে পাচার করার সময় নারী ও শিশু পাচারকারী চক্রের ১ জন ভারতীয় নগরিক সদস্যকে আটক করা হয়েছে।
প্রেস রিলিজে জানানো হয় রংপুর বিজিবির উত্তর পশ্চিম রিজিয়ন বাংলাদেশের উত্তর-পশ্চিম সীমান্ত নিরাপত্তায় সর্বদা নিয়োজিত রয়েছে। রংপুর রিজিয়নের আওতায় ৪টি সেক্টরের অধীনে ১৫টি ব্যাটালিয়ন এবং ১ বর্ডার গার্ড হাসপাতাল রয়েছে। উত্তর পশ্চিম রিজিয়নে সীমান্ত এলাকা রয়েছে ১ হাজার ৬৬০ কিলোমিটার।
প্রেস রিলিজে জানানো হয় ২০২৫ সালের ১ মে হতে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত ১ বছরে মাদক, অস্ত্র ও অন্যান্য মালামাল চোরাচালান রোধ, নারী ও শিশুসহ মানব পাচার প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি সাফল্য জনক ভাবে ভূমিকা রেখেছে।
সামাজিক কাজের অংশ হিসেবে রংপুর রিজিয়নের আওতাধীন সেক্টর সমূহের অধীনস্থ বিভিন্ন ব্যাটালিয়ন সমূহ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় জনকল্যানমূলক কার্যক্রমে অংশ গ্রহন করছে। এর ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, আর্থিক অনুদান, মেডিক্যাল ক্যাম্পেইন এর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান এবং স্কুল ও মাদ্রাসায় শিক্ষা সামগ্রিক বিতরণ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের উত্তর পশ্চিম রিজিয়নের অধীনস্থ সকল ব্যাটালিয়ন আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের জ্বালানী তেল পাচার প্রতিরোধেও তারা সাফল্য জনক ভাবে দায়িত্ব পালন করেছে।





