রাবিপ্রবিতে শিক্ষাবৃত্তির ফলাফলে অনিয়মের অভিযোগ
রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) শিক্ষাবৃত্তির ফলাফল প্রকাশের পর নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ফলাফল প্রকাশের পর থেকেই বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
বৃহস্পতি (২১ মে) বৃত্তিপ্রাপ্ত ১৬৪ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত যোগ্যতা ও ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদানের কথা থাকলেও চূড়ান্ত তালিকায় তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। অনেক মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থী বাদ পড়লেও তুলনামূলক কম ফলাফলধারী শিক্ষার্থীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি তাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায় প্রশাসন অনুষদের এক শিক্ষার্থী জানান, ফলাফল অনুযায়ী তার ১ম মেধাবৃত্তি পাওয়ার কথা, কিন্তু তাকে দেওয়া হয়নি। তার অভিযোগ, আবেদন যাচাই ও মূল্যায়নে অসঙ্গতি রয়েছে। ফলে প্রকৃত যোগ্য শিক্ষার্থীরা বঞ্চিত হয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেক শিক্ষার্থী ফলাফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে অর্ক দাশ গুপ্ত মন্তব্য করেন, মেধাবৃত্তি নাম টা ব্যবহার না করাই উচিৎ ছিলো। কারন এখানে যে মেধা টাকেই প্রাধান্য দেওয়া হয় নাই। একজন যে পর পর ৩ টা সেমিস্টারে ফার্স্ট হইসে তাকে বৃত্তি টা দেওয়া হলো না।
ফলাফলের তালিকা বিশ্লেষণ করে দেখা যায় ফিশারিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নাম অনুপস্থিত। কারণ জানতে চাইলে শিক্ষার্থীরা জানান, বিভাগ থেকে তাদের জানানো হয়েছে ৬ষ্ট সেমিস্টারের ফলাফল না থাকায় বৃত্তি প্রদান করা হয়নি। তারা এই কারণকে যথাযথ মনে না করে জানান, তাদের বৃত্তি থেকে বঞ্চিত করা হয়েছে।
শিক্ষার্থীদের দাবি, বৃত্তির ফলাফল প্রকাশের ক্ষেত্রে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়া অনুসরণ করা উচিত। একইসঙ্গে ফলাফল পুনরায় যাচাই করে যোগ্য শিক্ষার্থীদের বৃত্তির আওতায় আনার আহ্বান জানান তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবিরের কাছে জানতে চাইলে তিনি জানান, কোন শিক্ষার্থীর যদি মনে হয় প্রকাশিত তালিকায় কোন ত্রুটি আছে অথবা কারো নাম যদি না আসে সে ফরমালি আবেদন করলে কমিটি যুক্তিসঙ্গত মনে করলে সেটি রিচেক করবে।
উল্লেখ্য, প্রতিবছর রাবিপ্রবিতে মেধা ও আর্থিক অসচ্ছলতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এবারের ফলাফল প্রকাশের পর অনিয়মের অভিযোগ সামনে আসায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।





