নানির হাত থেকে ছুটে দৌড়, সড়কেই ঝরল শিশুর প্রাণ
মোঃ হাবিবুর রহমান (হাজীগঞ্জ চাঁদপুর)
চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় মিম আক্তার ইভা (১০) চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলার অনি-রনি ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিম আক্তার হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইমান হোসেনের মেয়ে। সে স্থানীয় হযরত উমর বিন খাত্তাব (রা.) মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিম তার নানির সঙ্গে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। একপর্যায়ে হঠাৎ নানির হাত থেকে ছুটে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দিলে রামগঞ্জগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে, তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।





