মোটরসাইকেল দূর্ঘটনায় মামা ভাগ্নি নিহত
মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর দক্ষিন সংযোগ সেতুতে ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শিখাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মামা (রাব্বি) (২৩) ও ভাগ্নি (ঈশা মনি ) নিহত হয়েছে।
গত (২ জুন) সোমবার বিকেল সাড়ে ৪ টায় মতলব সেতুর উত্তর পার্শ্বে এপ্রোচ সড়কে মোটরসাইকেল ও সওজ এর গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে।
দূর্ঘটনার পর চাঁদপুর নেয়ার পথে প্রথমে মারা যায় মামা রাব্বি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় ভাগ্নি ঈশা মনি।
রাব্বির বাড়ী মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামে। বর্তমানে মতলব দক্ষিনের কলাদীতে বসবাস করতো। তার পিতার নাম মিজানুর রহমান। ঈশা মনির বাড়ী মতলব উত্তর উপজেলায়। তার পিতার নাম জুয়েল। দীর্ঘদিন যাবৎ ঢাকাতে বসবাস তাদের। সে ঢাকায় একটি প্রাইভেট স্কুলে নবম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈশা মনি গতকাল মতলবে নানার বাড়ী বেড়াতে আসে। মামা রাব্বির বাইক দেখে ড্রাইভিং শিখার আগ্রহ হয় ভাগ্নি ঈশা মনির। পরে তার মামাকে সাথে নিয়েই বিকেলে বাইক চালানো শিখতে গিয়ে সড়ক ও জনপদ বিভাগের গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে রাব্বি ও ঈশা মনি দু’জনেই ছিটকে পড়ে যায়। রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাব্বি মারা যায়। এদিকে ঈশা মনির অবস্থা বেগতিক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে সেও মারা যায়। খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে থানা নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।




