ডুলাহাজারা সাফারি পার্কে প্রধানমন্ত্রী, নাগলিঙ্গমের চারা রোপণ, স্মারক বইয়ে স্বাক্ষর
আলফাজ মামুন নুরী
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
আজ শনিবার দুপুরে সাফারি পার্কে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। পরে তিনি পার্কের বিভিন্ন স্থাপনা ও বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনের একপর্যায়ে সাফারি পার্কের মূল ফটক প্রাঙ্গণে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরতে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপণ শেষে প্রধানমন্ত্রী পার্কের স্মারক বইয়ে স্বাক্ষর করেন। একই সঙ্গে স্মারক বইয়ে স্বাক্ষর করেন ডা. জুবাইদা রহমান। পরে পার্ক কর্তৃপক্ষ তাঁদের সফর উপলক্ষে বিভিন্ন তথ্য তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সাফারি পার্ক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, প্রধানমন্ত্রীর এই সফর ডুলাহাজারা সাফারি পার্কের উন্নয়ন ও বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। তাঁর উপস্থিতি পার্কটির গুরুত্ব ও সম্ভাবনাকে আরও সামনে নিয়ে এসেছে।





