মাদকসহ আটকের পর বোমা হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই
সাব্বির হোসাইন আজিজ,মাদারীপুরঃ মাদারীপুরে একাধিক মামলার আসামি দুর্ধর্ষ পারভেজ ব্যাপারীকে মাদকসহ আটকের পর তার সহযোগিরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আটককৃত’র কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাঈম। তিনি জানান, সোমবার ৬ জুলাই সন্ধ্যার পরে মাদারীপুর সদর উপজেলার লক্ষীগঞ্জ এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানের সময় পারভেজ বেপারিকে ৩০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তবে এসময় পারভেজ সহযোগীরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাকে নিয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।
এদিকে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, পারভেজকে গ্রেফতারের পর তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য পুকুরপাড়ে যাওয়া হয়। পারভেজের স্বীকারোক্তি অনুযায়ী সেখানে নেওয়ার পর পূর্ব থেকে ওতপেতে তার লোকজন একাধিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাকে ছিনিয়ে নেয়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে এবং পারভেজকে পুনরায় গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানা গেছে।





